টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Passenger Voice    |    ০২:১২ পিএম, ২০২২-১০-১৩


টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বরগুনার পাথরঘাটায় মাহিন্দ্রা টমটম ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ বছরের শিশু আব্দুল্লাহ ও তার মা পারুল বেগম নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর-লেমুয়া সড়কের আশ্রাব মেম্বরের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পারুল ও আব্দুল্লাহ বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিসাখালী গ্রামের মো. হিরণ মিয়ার স্ত্রী ও শিশু সন্তান।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারুল বেগম পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় তার ননদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তিনি বড়ইতলা ফেরিঘাট হয়ে বাইনচটকি ফেরিঘাট থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া-শতকর সড়কের আশ্রাব মেম্বরের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রা টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় পারুল ও তার শিশু সন্তান আব্দুল্লাহ। স্থানীয়রা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সঞ্জয় কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। 

প্যা.ভ/ম