শিরোনাম
Passenger Voice | ০৩:২৫ পিএম, ২০২২-১০-১০
টানা ছুটিতে পদ্মা সেতু দিয়ে গত চার দিনে যানবাহনের চাপ বেড়েছে। এ সময়ে সেতুটি দিয়ে ৬০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এই চার দিনে সেতু থেকে টোল আদায় হয়েছে ৯ কোটি টাকারও বেশি।
সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত প্রতিদিন গড়ে দুই কোটি টাকা টোল আদায় হয়েছে।
সাপ্তাহিক ছুটি মিলে টানা চার দিনের ছুটিতে পদ্মা সেতু হয়ে ভ্রমণপিপাসুরা ছুটেছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে। পদ্মা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন হওয়ায় ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় এখন দক্ষিণাঞ্চল। এ ছাড়া চার দিন ছুটি পাওয়ায় দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ বাড়িতে ছুটেছেন পদ্মা সেতু হয়ে। যার কারণে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের অধিক চাপ ছিল।
গোপালগঞ্জ থেকে আসা এক যাত্রী বলেন, দুই বছর পর সবাইকে নিয়ে বাড়িতে পূজা করতে গিয়েছিলাম। পদ্মা সেতু হওয়ায় ঢাকা থেকে খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাই।
মুন্সীগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী রুবেল মিয়া জানান, কয়েকদিন ছুটি থাকায় পরিবার-পরিজন নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। আর এই প্রথম স্বপ্নের পদ্মা সেতু নিজ চোখে দেখে ভালো লেগেছে বলেও জানান তিনি।
পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত সেতু দিয়ে প্রতিদিনের চেয়ে বেশি গাড়ি পারাপার হয়েছে। এই দিনগুলোতে প্রতিদিন গড়ে ১৫ হাজারের বেশি গাড়ি পার হয়েছে এবং টোল আদায় হয়েছে দুই কোটির বেশি। এই পর্যন্ত পদ্মা সেতুতে ২১৭ কোটি টাকা টোল আদায় হয়েছে।
পদ্ম সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, পদ্মা সেতু দিয়ে চার দিনে মোট ৬৮ হাজার ৬৮ ছোট বড় গাড়ি পারাপার হয়েছে। গত বৃহস্পতিবার দুই কোটি তিন লাখ ৭৫ হাজার ৫০০ টাকা, শুক্রবার দুই কোটি ৩২ লাখ ৬ হাজার ১০০ টাকা, শনিবার দুই কোটি ৫৫ লাখ ২৩ হাজার ৪০০ টাকা এবং রবিবার দুই কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ১৫০ টাকা টোল আদায় হয়েছে। মোট টোল আদায় হয়েছে ৯ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার ১৫০ টাকা।
প্যা.ভ/তা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত