তৃতীয় শীতলক্ষ্যা সেতু, এবার ঢাকার বাইরে দিয়ে সোজা চট্টগ্রাম

Passenger Voice    |    ১২:৫৩ পিএম, ২০২২-১০-১০


তৃতীয় শীতলক্ষ্যা সেতু, এবার ঢাকার বাইরে দিয়ে সোজা চট্টগ্রাম

শীতলক্ষ্যা নদীর ওপরে নির্মিত ‘তৃতীয় শীতলক্ষ্যা সেতু’ দেশের ১৮টি জেলাকে সরাসরি চট্টগ্রামের সঙ্গে যুক্ত করতে যাচ্ছে। অর্থাৎ ঢাকায় প্রবেশ না করেই চট্টগ্রামে যাতায়াত করতে পারবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশাল জনগোষ্ঠী।

সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

শীতলক্ষ্যায় নির্মিত তৃতীয় এ সেতুর মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগরের সদর উপজেলা ও বন্দর উপজেলার মধ্যেও সংযোগ তৈরি হচ্ছে।

এই সেতুতে সংযুক্ত হচ্ছে দেশের ১৮টি জেলা। এর মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। পদ্মা সেতু দিয়ে ঢাকা শহরে প্রবেশ না করেই চট্টগ্রামে যাতায়াত করতে পারবেন দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলসহ ৮ জেলার বাসিন্দারা।

সংযুক্ত জেলাগুলো হলো- নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, বাগেরহাট, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মঞ্জুরুল হাফিজ বলেন, পদ্মা সেতু দিয়ে ঢাকা শহরে প্রবেশ না করেই চট্টগ্রাম যাতায়াত করতে পারবেন দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলসহ ৮ জেলার বাসিন্দারা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন ও যাত্রীরা বর্তমানে যাত্রাবাড়ী-পোস্তগোলা ব্রিজ হয়ে অথবা চাষাঢ়া-সাইনবোর্ড রুটে চট্টগ্রামে যান। এখন শীতলক্ষ্যা সেতু দিয়ে যানজট এড়িয়ে সহজে চট্টগ্রাম যেতে পারবেন।  

প্রকল্পটি ২০১০ সালে একনেকে অনুমোদন পায়। নির্মাণকাজ শুরু হয় ২০১৮ সালের ২৮ জানুয়ারি।  

 

প্যা.ভ/তা