চট্টগ্রাম রেলওয়ের আরএনবির ৩ সদস্য আটক

Passenger Voice    |    ০৫:২৩ পিএম, ২০২২-০৮-২৬


চট্টগ্রাম রেলওয়ের আরএনবির ৩ সদস্য আটক

টিকিট থাকার পরও ট্রেনের নির্দিষ্ট বগিতে উঠতে বাধা, টাকা দাবি এবং সেনা সদস্যকে মারধরের ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। 

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এতথ্য নিশ্চিত করেন।

আটককৃত আরএনবি সদস্যরা হলেন- মো. মাইন হাছান রাকিব (২৩), রিটন চাকমা (২৪) ও মো. রবিউল ইসলাম (৩০)।

র‌্যাব জানায়, গত ৮ আগস্ট একজন সেনা সদস্য মেইল ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রাত ১০টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আসেন। ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে থাকা ঢাকা মেইল ট্রেনের নির্দিষ্ট বগিতে উঠতে যাওয়ার সময় রেলওয়ের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত কয়েকজন আরএনবি সদস্য তাকে ট্রেনের সামনের তিনটি বগির যে কোনো একটিতে যেতে বলে।

একই সঙ্গে টিকিট কাটা বগিতে উঠতে হলে ৩০০ টাকা দিতে হবে বলে জানায়। টাকা না দিলে ওই বগিতে ওঠা যাবে না বলে হুঁমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে আরএনবির সদস্যরা সেনা সদস্যকে মারধর, রাইফেল দিয়ে ধাক্কা দেয়। 

এ ঘটনার একটি ভিডিও চিত্র গত ২৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত ২৫ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। রাতে র‌্যাব সদস্যরা ঘটনার সঙ্গে জড়িত তিন আরএনবি সদস্যকে আটক করে। 

র‌্যাব জানায়, আটককৃতদের বিষয়ে তথ্য দিয়ে আরএনবির সিনিয়র কর্মকর্তারা সহযোগিতা করেছেন।