নতুন অফিসসূচির প্রথম দিনেই সড়কে ভোগান্তি

Passenger Voice    |    ১১:২১ এএম, ২০২২-০৮-২৪


নতুন অফিসসূচির প্রথম দিনেই সড়কে ভোগান্তি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য আজ থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল আটটা থেকে শুরু হয়েছে। নতুন সূচিতে এ অফিস চলবে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি এখনকার মতো শুক্র ও শনিবারই থাকবে। তবে নতুন সূচির প্রথম দিনের সকালে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে। ফলে প্রতিটি গণপরিবহনেই ছিল যাত্রীর প্রচুর চাপ।

আজ বুধবার সকালে ঢাকায় প্রায় প্রতিটি বাসে যাত্রীদের দাঁড়িয়ে যেতে দেখা গেছে। অনেককে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেও দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন সড়কে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত অবস্থান করে দেখা যায়, নতুন সময়ে অফিস ধরতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ব্যক্তিগত গাড়ি, স্টাফ বাস ও মোটরসাইকেলে করে অফিসে যাচ্ছেন। যা সচরাচর রাজধানীর সড়কে এত সকাল সকাল দেখা যেত না।