শিরোনাম
Akter Hossain.mirsarai correspondent | ১২:৫২ পিএম, ২০২২-০৮-০৯
আকতার হোসেনঃ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাকের পেছনে গ্রীনলাইন পরিবহনের ধাক্কায় বাস চালক আলী হোসেন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও তিন যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া মিরসরাই ফিলিং স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। দুর্ঘটনায় আহত বাস যাত্রীরা হলেন, তরিকুল আলম (৩০), রাজু মিয়া (৪৫) ও মো. তৈমুর খান।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে মিরসরাই ফিলিং স্টেশন এলাকায় গ্রীনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত (ডাবল ডেকার) দ্রুত গতির একটি বাস মালবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। এ সময় বাসটির আরো তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, বড়তাকিয়া মিরসরাই ফিলিং স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে টিম পাঠানো হয়। ঐসময় বাসে আটকে পড়া চালককে বাসের কিছু অংশ কেটে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, চলন্ত ট্রাকের পিছনে দ্রুত গতির গ্রীণলাইন পরিবহনের (ডাবল ডেকার) বাস ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং এতে বাসের চালক নিহত ও তিন যাত্রী আহত হয়। দুর্ঘটনা কবলিত গ্রীণলাইন পরিবহনের বাস ও ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত