শিরোনাম
Passenger Voice | ০২:২৬ পিএম, ২০২২-০৮-০৭
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ওয়েবিলের নামে যাত্রীদের পকেট কাটা রোধে এবং নতুন ভাড়া যথাযথভাবে কার্যকর করতে রোববার (৭ আগস্ট) সকাল থেকে ঢাকা মহানগরীর সড়কে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। সেগুলোতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার (৬ আগস্ট) দিনগত রাতে সড়ক সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ভাড়া বাড়ানোর পরই কিন্তু মনিটরিং শুরু হয়। গতবারও ভাড়া বাড়ানোর পর বিআরটিএ’র ম্যাজিস্ট্রেটরা রাস্তায় ছিলেন।
এ সময় বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মাদ মজুমদার দাবি করেন অতিরিক্ত ভাড়া রোধে তাদের সাতজন ম্যাজিস্ট্রেট সব সময় রাস্তায় থাকেন। তারা সপ্তাহে ৬ দিন সড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাজ করছেন।
ওয়েবিলকে অবৈধ জিনিস আখ্যা দিয়ে তিনি বলেন, ম্যাজিস্ট্রেটরা এ ধরনের অনিয়ম দেখতে পেলে তাদেরকে আইনের আওতায় আনেন। জেলা প্রশাসনকে অনুরোধ করবো, তাদের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তারা যেন ভাড়া মনিটর করেন। যাতে কেউ বাড়তি ভাড়া আদায় করতে না পারেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, আমাদের সব মিলিয়ে ব্যয় ৭০ শতাংশ বাড়লেও জনগণের কথা মাথায় নিয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নিয়েছি। কেউ যদি অতিরিক্ত ভাড়া আদায় করে আইনপ্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে। মালিক সমিতিও কঠোর আছে এ বিষয়ে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত