শিরোনাম
Passenger Voice | ০২:০৭ পিএম, ২০২২-০৮-০৬
সারা দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী বাসের ভাড়া বেড়েছে।
শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে।
জানা গেছে, কুমিল্লা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাওয়া তিশা প্লাটিনাম বাসে ২৯০ টাকায় যাত্রী নেওয়া হচ্ছে। গতকাল পর্যন্ত যার ভাড়া ছিল ২৪০ টাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে পূর্ব ঘোষণা ছাড়াই যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এই বাসে ফেনীর ভাড়া ছিল ১০০ টাকা। আজ সকাল থেকে ভাড়া ৫০ টাকা বাড়িয়ে ১৫০ টাকা নেওয়া হচ্ছে।
তিশা প্লাটিনাম বাসের সুপারভাইজার জাহাঙ্গীর আলম বলেন, ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভাড়া বাড়ানো হয়েছে। অপরদিকে চট্টগ্রাম সিটিতে বাস ধর্মঘট চলায় সেখানে আটকা পড়েছে গাড়িগুলো। তাই চট্টগ্রামগামী বাসের সংকট তৈরি হয়েছে।
কুমিল্লা থেকে চট্টগ্রামগামী গ্রাম বাংলা পরিবহনের টিকিট ম্যানেজার কেফায়েত উল্যাহ বলেন, আগে ২৪০ টাকা ছিল চট্টগ্রামের ভাড়া, আজ ২৭০ টাকা নেওয়া হচ্ছে।
বাস যাত্রী মনির বলেন, ডিজেলের দাম লিটারে বাড়ানো হয়েছে ৫০ টাকা। আর বাস মালিকরা সিট প্রতি ৫০ টাকা বাড়িয়েছে। তবুও ঠিকমতো গাড়ি পাওয়া যায় না। দুর্ভাগ্য আমাদের।
প্রসঙ্গত, শুক্রবার (৫ আগস্ট) রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে, লিটারপ্রতি ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, কেরোসিনও লিটারে ৩৪ টাকা দাম বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে। পেট্রোলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা ও অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে লিটার প্রতি ১৩৫ টাকা ঘোষণা করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত