গণপরিবহনে আজ থেকে নতুন ভাড়া, সিদ্ধান্ত একটু পরেঃ প্যাসেঞ্জার ভয়েসকে বিআরটিএর চেয়ারম্যান

Passenger Voice    |    ০৯:৪৩ এএম, ২০২২-০৮-০৬


গণপরিবহনে আজ থেকে নতুন ভাড়া, সিদ্ধান্ত একটু পরেঃ প্যাসেঞ্জার ভয়েসকে বিআরটিএর চেয়ারম্যান

তেলের দাম বাড়িয়েছে কিন্তু বাস ভাড়া বৃদ্ধির কোনো ঘোষণা দেয়নি সরকার। ফলে সকাল থেকে বন্ধ রয়েছে দেশের বিভিন্ন স্থানের গণপরিবহন। ভোগান্তিতে সাধারণ মানুষ। মালিক সমিতির দাবি সকাল থেকে গাড়ির চালক ও হেলপার যদি যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নিতে যায়, তখন যাত্রীদের সঙ্গে মারামারি, হাঙ্গামা হবে। এর থেকে গাড়ি চলাচল বন্ধ রাখা ভালো। তাই চট্টগ্রাম নগরীসহ বেশ কয়কটি নগরীতে গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে গত রাত থেকে ।

বাস ভাড়া বাড়ানোর বিষয়ে প্যাসেঞ্জার ভয়েসের সাথে আজ সকালে কথা হয় বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এর। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া স্বাভাবিক ভাবে বাড়বে। আজ আমরা সকল স্টক হোল্ডার দের নিয়ে মিটিং করে নতুন ভাড়ার তালিকা ও সিদ্ধান্ত জানিয়ে দিব।

এদিকে সরকার থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গে তেল বিক্রি বন্ধ করে দেয় পেট্রোল পাম্প মালিকরা। এ নিয়ে গাড়ির মালিকদের সঙ্গে পেট্রোল পাম্পের কর্মীদের বাগবিতণ্ডার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য ভোক্তা পর্যায়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, লিটারপ্রতি অকটেন ১৩৫ টাকা ও লিটারপ্রতি পেট্রোল ১৩০ টাকা হবে।

এতদিন কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা প্রতি লিটার ও পেট্রোল ৮৬ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছিল।