শিরোনাম
Passenger Voice | ০২:০৬ পিএম, ২০২২-০৮-০৫
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় থেমে থাকা গরুবোঝাই নসিমনে কাভার্ডভ্যানের ধাক্কায় ফজর আলী শেখ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মারা গেছে পাঁচটি গরু, আহত হয়েছেন দুই জন।
শুক্রবার (৫ আগস্ট) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফজর আলী চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের মৃত নিজামউদ্দিনের ছেলে।
আহতরা হলেন— একই উপজেলার আলুয়াজুরী গ্রামের আব্দুল হক সরদারের ছেলে শাহদত সরদার (৩০) ও একই গ্রামের মালেক সরদারের ছেলে আব্দুল হজ সরদার (৬০)।
ফজর আলীর ভাই শিফুল শেখ জানান, তার ভাইসহ আরও দুই ব্যবসায়ী নসিমনে পাঁচটি গরু নিয়ে পার্শ্ববর্তী চিতলমারী উপজেলা থেকে ফকিরহাট বেতাগা গরুর হাটে যাচ্ছিলেন। ভোরে ফকিরহাটের ব্র্যাক অফিস সংলগ্ন মহাসড়কে গরুগুলোকে পানি খাওয়ানোর উদ্দেশ্যে নসিমন থামানো হয়। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান নসিমনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফজর আলী ও পাঁচটি গরু মার যায়। আহত হন দুই জন।
প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম জানান, ব্র্যাক অফিসের পেছন দিকের মহাসড়কে নসিমনটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা বাসকে সাইড দিতে গিয়ে নসিমনে ধাক্কা দেয়।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুস্তাফিজুর রহমান জানান, ফজর আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপর দুই জন মাথা ও বুকে আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের অবস্থাও সঙ্কটাপন্ন।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবুল হাসান জানান, কাভারভ্যানটি শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত