ভুট্টার ট্রাকে মিলল ১৮ কেজি গাঁজা

Passenger Voice    |    ০১:৩১ পিএম, ২০২২-০৭-৩০


ভুট্টার ট্রাকে মিলল ১৮ কেজি গাঁজা

পাবনার ঈশ্বরদী উপজেলায় ভুট্টা বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সরাইকান্দি নামক স্থানে ভুট্টা বোঝাই একটি ট্রাক থেকে এ মাদকের চালান জব্দ করা হয়। রাত ১০টার দিকে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজনের একজন জাকির হোসেন (৩৮) সিরাজগঞ্জের শাহাজাদপুরের মৃত আশরাফ আলীর ছেলে এবং অন্যজন রহিদুল ইসলাম (২৫) লালমনিরহাটের হাতিবান্ধা থানা এলাকার পশ্চিম বেজগ্রামের মো. আলিফ উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, এদিন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সরাইকান্দি রাজশাহী-পাবনা হাইওয়েতে চেক তল্লাশি চৌকি বসান। এ সময় ৩৭৮ বস্তা ভুট্টা নিয়ে একটি ট্রাককে চ্যালেঞ্জ করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ কেজি ৮৩০ গ্রাম গাঁজা, ৩৭৮ বস্তা ভুট্টা, দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড এবং নগদ চার হাজার ৮৫ টাকা জব্দ করা হয়।

এএসপি কিশোর রায় জানান, দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য পাবনাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। এ ক্ষেত্রে তারা কৌশল হিসেবে পণ্যবোঝাই ট্রাকে করে গাঁজা পরিবহন করতেন। তিনি জানান, দুই আসামির বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।