গাজীপুরে সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখে চলছে সংস্কারকাজ

Passenger Voice    |    ০৩:৪৪ পিএম, ২০২২-০৭-২৯


গাজীপুরে সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখে চলছে সংস্কারকাজ

গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল-২ এর আওতায় হায়দরাবাদ, মেঘডুবী, পূবাইল, তালটিয়া, কুদাব ও হারবাইদ এলাকায় সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে সংস্কারকাজ চলছে। দুর্ঘটনার আশঙ্কায় অবিলম্বে ওই খুঁটি সরিয়ে যথাযথভাবে সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

খসরু মৃধা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘পূবাইলের অনেক জায়গায় রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি রেখে রাস্তা সংস্কার কাজ চলছে। এতে যে কোনো সময় খুঁটির কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।’

তালটিয়া এলাকার বাসিন্দা আলম হোসেন জানান, ‘শত শত মানুষ বাইপাস রাস্তার যানজট এড়িয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বিদ্যুতের খুঁটি থাকায় গাড়ি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বিদ্যুতের খুঁটি সরানো খুব জরুরি।’

এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, ‘বিদ্যুতের খুঁটি আছে এ জন্য সিটি করপোরেশন ও পল্লী বিদ্যুতের সমন্বয়ে একটি জরিপ করা হচ্ছে। কত টাকা বরাদ্ধ লাগবে এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি আমাদের জানাবে। পরবর্তীতে আমরা বাজেট বরাদ্দ দিব।’

পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন পূবাইল জোনাল অফিসের প্রকৌশলী ইউসুফ আলী বলেন, ‘কতটি খুঁটি আছে হিসাব করে গাজীপুর সিটি করপোরেশনের কাছে অর্থ বরাদ্দ চেয়েছি। বরাদ্দ দিলে আমরা খুঁটি সরানোর কাজ শুরু করবো।’