শিরোনাম
Passenger Voice | ১২:০০ পিএম, ২০২২-০৭-২৯
সড়ক দুর্ঘটনায় বগুড়ায় দুই, গোপালগঞ্জে দুই, ময়মনসিংহে তিন ও গাজীপুরে দুজনসহ মোট নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জনই মোটরসাইকেল আরোহী। প্রতিনিধিদের পাঠানো খবর—
বগুড়া: জেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টায় কালিবালা দ্বিতীয় বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া সদরের ধরমপুর ওলিরবাজার এলাকার কাজলের ছেলে রেদোয়ান (১৭) ও একই এলাকার শাহীনুর শেখের ছেলে সাদিক শেখ (২১)। এর মধ্যে রেদোয়ান বগুড়া এপিবিএন স্কুলের এবং সাদিক নুনগোলা কলেজের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে মাটিডালীর দিকে চালিয়ে যাওয়ার সময় কালিবালা এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সাদিক ও রেদোয়ান নিহত হন।
গোপালগঞ্জ: জেলার কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহসড়কের গোপালপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) ও রাইদুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)।
কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই সিরাজুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে করে তিন আরোহী কাশিয়ানী থেকে গোপালগঞ্জের দিকে যাওয়ার সময় গোপালপুর বাজার এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মফিজ মোল্যা ও মারুফ মোল্যাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ: জেলার ত্রিশালের বৈলরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারের মেরামতকাজ করার সময় বাসচাপায় সড়ক ও জনপথ বিভাগের এক শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের একটি ট্রাক ত্রিশালের বৈলর এলাকায় মহাসড়কের মাঝ বরাবর থাকায় ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় সেখানে কাজ করতে থাকা শ্রমিক নূর আলম (২৫) বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় থাকায় আরো ছয়জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা আরেক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। নিহত নূর আলম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রামপুরদশা গ্রামের বাবুল মিয়ার ছেলে।
এছাড়া গতকাল সন্ধ্যায় ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেয়ার সময় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সৌরভ (২৬) নিহত হয়েছেন। সৌরভের বাড়ি ত্রিশালে। ভালুকা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গাজীপুর: জেলার কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় রিকশাচালকসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ উপজেলার টেকপাড়া ও শিমুলিয়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন কালীগঞ্জ পৌরসভার দেওয়ালেরটেক এলাকার মৃত আমির হোসেনের ছেলে রিকশাচালক খোকন মিয়া (৫০) এবং উপজেলার বক্তারপুর ইউনিয়নের জয়রামবেড় গ্রামের বাবুল রোজারিওর ছেলে জয় রোজারিও (৩৮)।
কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, গতকাল সকালে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের টেকপাড়া এলাকায় বাইপাস সড়ক পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন খোকন মিয়া। এর আগে বুধবার রাতে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের শিমুলিয়া এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জয় রোজারিও নিহত হন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত