শিরোনাম
Passenger Voice | ১১:৩৭ এএম, ২০২২-০৭-২৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকার ছিনতাইয়ের সময় খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ রিফাত খান রাব্বি (২৬) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত ৯টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলা নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করে।
রাব্বি দেলদুয়ার উপজেলার টুকনিখোলা গ্রামের ইলিয়াস রহমান খানের ছেলে। সে উত্তরার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি কলেজের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।
টাঙ্গাইল হাজী মোহাম্মদ দানেজ আলী কলেজ থেকে এইচএসসি পাস করেন।
পুলিশ জানান, রবিবার (২৪ জুলাই) দেলদুয়ারের পাথরাইল থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা যাওয়ার কথা বলে টাঙ্গাইল থেকে প্রাইভেট কারটি ভাড়া করেন রাব্বি। বিকেল ৪টার দিকে প্রাইভেট কার পাকুল্যা এলাকায় পৌঁছালে রাব্বি চালককে জানায়, পরিবারের লোকজন চন্দ্রা বাসস্ট্যান্ড থেকে উঠবে। তখন চালকের সন্দেহ হলে তিনি যাবেন না বলে জানায়।
রাব্বি তাকে কৌশলে ঢাকার দিকে নিয়ে আসতে থাকে। আছিমতলা নামক স্থানে আসার পর চালক গাড়ি থামায়। এ সময় রাব্বি তার পকেট থেকে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র বের করে গুলি করার ভয় দেখায়। চালক হালিম গাড়ি থেকে নেমে আশপাশের লোকজনের সাহায্য চায়। স্থানীয়রা এগিয়ে এলে রাব্বি খেলনা পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র একটি ব্যাগে ভরে রাস্তার পাশে ফেলে পালানোর চেষ্টা করে।
পরে স্থানীয়রা তাকে আটক করে মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসিরুজ্জামান খেলনা পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেন।
এসআই নাসিরুজ্জামান বলেন, রিফাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত