শিরোনাম
Passenger Voice | ০২:৫৩ পিএম, ২০২২-০৭-২৪
ট্রেন দেখেও দাঁড় করানো হয়নি বাসটি। দৌঁড়ে গিয়ে স্থানীয়রা বাসটি থামাতে বললেও চালক তা না শুনে দ্রুত যাওয়ার জন্য বাসটি রেললাইনের ওপর তুলে দেন। এসময় ট্রেন সজোরে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তায় পড়ে যায়। রোববার (২৪ জুলাই) দুপুরে এভাবেই দুর্ঘটনার কথা জানান হাসান মিয়া নামের স্থানীয় এক প্রত্যক্ষদর্শী।
হাসান মিয়া বলেন, ট্রেনটি চলে গেলে আমিসহ আশপাশের লোকজন এসে সবাইকে উদ্ধার করি। গুরুতর আহত তিনজনকে বাসের নিচ থেকে টেনে বের করা হয়। মৃত এক নারীকে অনেক কষ্ট করে বের করতে হয়েছে। আহত শ্রমিকদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় রেললাইনের গেটম্যান তার কর্মস্থলে উপস্থিত ছিলেন না বলেও জানান প্রত্যক্ষদর্শী হাসান মিয়া।
স্থানীয় আরেক প্রত্যক্ষদর্শী আলমাস আলী বলেন, শুধু আজকে নয়, রক্ষিত রেলক্রসিং হলেও এখানে দায়িত্বরত কর্মচারী ঠিকমতো কাজ করেন না। বেশির ভাগ সময় তার ঘর তালাবদ্ধ থাকে। প্রায়ই ট্রেন চলাচলের সময় ঝুঁকি নিয়ে যাতায়াত করেন পথচারীরা।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ বলেন, দায়িত্ব অবহেলার বিষয়টি আমার জানা নেই।
ঘটনার পর থেকে গেটম্যান পলাতক কেন?-এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত পরে বলা যাবে।’
রোববার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুর-ময়মনসিংহের মাইজপাড়া ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী বাসে থাকা পাঁচ পোশাক শ্রমিক নিহত হন। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৫/২০ জন।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমান। জেলা প্রশাসকের পক্ষে নিহতদের পরিবারকে সহায়তা হিসেবে ২০ হাজার টাকা করে অনুদনদেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা ব্যয় বাবদ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এছাড়াও এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত