শিরোনাম
Passenger Voice | ১২:৫৮ পিএম, ২০২২-০৭-২৪
মোটরযানে সবার জন্য সিটবেল্ট ব্যবহার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান। সেইসঙ্গে তিনি মোটরসাইকেল আরোহীর জন্য মানসম্মত হেলমেট ব্যবহার সংক্রান্ত নীতিমালা সংশোধন ও প্রণয়ন বিষয়েও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানান।
শনিবার (২৩ জুলাই) ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের রোড সেইফটি প্রকল্পের প্রতিনিধি দল রওশন আরা মান্নানের মতিঝিলের আরামবাগস্থ বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন।
সাক্ষাৎকালে ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ দেশের সড়ক দুর্ঘটনার বর্তমান পরিস্থিতি ও ঢাকা আহছানিয়া মিশনের নিরাপদ সড়ক কার্যক্রম সম্পর্কে অবগত করেন। সেইসঙ্গে সড়ক পরিবহন বিধিমালা দ্রুত জারির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের রোড সেইফটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান এবং অ্যাডভোকেসি অফিসার ডা. তাসনিম মেহবুবা বাঁধন।
উল্লেখ্য, এবার ঈদুল আজহার আগে-পরে ১২ দিনে দেশে ২৭৪টি সড়ক দুর্ঘটনায় ৩১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১৯৭ জন। নিহতদের মধ্যে নারী ৪৩ জন, শিশু ৫৮ জন। ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৩ জন, যা মোট নিহতদের ৩৯.৫৪ শতাংশ। সড়কে এই নিহত ও আহতের সংখ্যা হ্রাসে সবাইকে সম্মলিতভাবে এগিয়ে আসতে হবে বলে মনে করেন সংসদ সদস্য রওশন আরা মান্নান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত