শিরোনাম
Passenger Voice | ০৩:২০ পিএম, ২০২২-০৭-২৩
ঢাকাবাসী আগামী বছর ডিসেম্বরে দেশের প্রথম মেট্রোরেলে চড়বে—এ লক্ষ্য ধরে এগোচ্ছে সরকার। রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশে প্রথমে চালু হবে মেট্রোরেল। এর প্রস্তুতি হিসেবে আগামী রোববার প্রথমবারের মতো মেট্রোরেল আগারগাঁও পর্যন্ত চালিয়ে দেখা হবে। এর আগে মিরপুর-১০ নম্বর পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সীমাবদ্ধ ছিল। পরীক্ষামূলক এই চলাচলে যাত্রী পরিবহন করা হবে না।
গত আগস্ট মাসে মেট্রোরেলের পরীক্ষামূলক (পারফরম্যান্স টেস্ট) চলাচল শুরু হয়েছে। এটি ছয় মাস চলবে। এরপর তিন মাস ধরে চলবে সমন্বিত পরীক্ষামূলক (ইন্টিগ্রেটেড টেস্ট) চলাচল। পরের পাঁচ মাসে চূড়ান্ত পরীক্ষামূলক চলাচল (ট্রায়াল রান) সম্পন্ন হবে। অর্থাৎ আগামী বছরের ডিসেম্বরে যাত্রী নিয়ে চলাচলের জন্য প্রস্তুত থাকবে ট্রেন।
ট্রেনে ওঠার একমাত্র পথ স্টেশন ভবন। স্টেশনগুলো তিনতলা। সড়ক থেকে লিফট, এস্কেলেটর ও সিঁড়ি দিয়ে যাত্রীরা দ্বিতীয় তলার কনকোর্স হলে উঠবে। এই তলায় টিকিট কাটার ব্যবস্থা, অফিস ও নানা যন্ত্রপাতি থাকবে। তিনতলায় রেললাইন ও প্ল্যাটফর্ম। একমাত্র টিকিটধারীরাই ওই তলায় যেতে পারবে। দুর্ঘটনা এড়াতে রেললাইনের পাশে বেড়া থাকবে। স্টেশনে ট্রেন থামার পর বেড়া ও ট্রেনের দরজা একসঙ্গে খুলে যাবে। আবার নির্দিষ্ট সময় পর তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে।
প্রকল্প–সংশ্লিষ্ট সূত্র জানায়, যাত্রী নিয়ে চলাচল শুরু হলে মেট্রোরেল ফজরের নামাজের পর দুদিক থেকে যাত্রা করবে। প্রাথমিকভাবে রাত সাড়ে ১২টা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত আছে। তবে অফিস সময়ে প্রতি তিন মিনিট পরপর ট্রেন চলার কথা। রাতে বা যাত্রী চাপ যে সময় কম থাকে, সে সময় এক ট্রেন থেকে অন্য ট্রেনের সময়ের ব্যবধান বাড়বে। এক ট্রেনের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার কাজটি কেন্দ্রীয়ভাবে কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। নিরাপত্তা নিশ্চিত না হলে বা লাইনে কোনো বাধা থাকলে ট্রেন স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে।
প্রকল্পের নথি বলছে, মেট্রোরেল দিয়ে ৩৫ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। শুরুতে দৈনিক ৪ লাখ ৮৩ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত