শিরোনাম
Passenger Voice | ১১:০৮ এএম, ২০২২-০৭-২১
রাজধানীর বংশালে নর্থ সাউথ রোডে অটোরিকশা উল্টে উম্মে সালমা (২৪) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে বংশাল নর্থ সাউথ রোডের মোহাম্মদ ট্রেডিংয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।
ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে সালমা। ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে থাকতেন তিনি।
তার চাচাতো ভাই মোহাম্মদ হাসান জানান, ইডেন কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স ও সম্প্রতি মাস্টার্স শেষ করেছেন সালমা। ঈদের ছুটিতে তিনি গ্রামে গিয়েছিলেন। বুধবার রাতেই চাচাতো ভাই হাসানের সঙ্গে লঞ্চে করে ঢাকায় ফেরেন। সদরঘাট নেমে অটোরিকশায় করে হোস্টেলে ফিরছিলেন। পথে বংশাল নর্থ সাউথ রোডে তাদের বহনকারী অটোরিকশাটি গর্তে পড়ে উল্টে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান সালমা। সঙ্গে সঙ্গে তাকে একটি ভ্যানে করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা জানান।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল কুন্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশাটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এতে সালমা হাসপাতালে মারা যান। আর রিকশায় থাকা তার চাচাতো ভাই হাসান সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই সেখান থেকে অটোরিকশাচালক পালিয়ে যান। বিস্তারিত তদন্ত চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত