শিরোনাম
‘অভিনন্দন, তোমরা বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করেছ’
Passenger Voice | ০১:১০ পিএম, ২০২২-০৭-২০
১০০ কোটি টাকা বাজেট, হলিউড তারকা টম ক্রুজের সিনেমার মতো সাউন্ড কোয়ালিটি, আন্তর্জাতিক মানের সিনেমা; ‘দিন-দ্য ডে’ নিয়ে এমন আরও অনেক মন্তব্য করেছেন সিনেমাটির নায়ক-প্রযোজক অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। এসব কারণেই মূলত এই সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।
এবার বর্ষা দাবি করলেন, ‘দিন-দ্য ডে’ সিনেমার খবর পৌঁছে গেছে বলিউডেও। সেখান থেকে নাকি তার কাছে ফোন এসেছে। তারা ভূয়সী প্রশংসাও করেছেন। মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসের একটি বিশেষ শো-তে অংশ নেন অনন্ত ও বর্ষা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন দাবি করেন নায়িকা।
বর্ষা জানান, বলিউডের সবচেয়ে বড় ইনস্টাগ্রাম পেজ থেকে ফোন করে তাদের প্রশংসা করা হয়েছে। বর্ষা বলেন, “বিগ বাজেটের সিনেমা এত সুপারহিট হয়েছে, যার জন্য আসলে প্রাউড করার মতো। কোনও একটা দেশে একটা ঘটনা ঘটলে কী হয়; সেটা সমালোচিত হোক আর আলোচিত হোক, সুপারহিট কোনও কিছু হলে, ব্লকবাস্টার কিছু হলে গেলে; যেমন বিদেশের নিউজ আপনারা করছেন, সেভাবে কিন্তু বলিউড পর্যন্ত পৌঁছে গেছে- বাংলাদেশে একটা সিনেমা হয়েছে ‘দিন : দ্য ডে’; তারা আমাদের নম্বর জোগাড় করে কল করেছে। দেখেন, ইন্ডিয়ার মতো জায়গার সাংবাদিকেরা আমাকে ফোন করে বলছে, ‘অভিনন্দন, তোমরা বাংলাদেশে একটা ইতিহাস তৈরি করেছ’। আর কী পাওয়া।”
যদিও কে ফোন করেছেন, সেই তথ্য প্রকাশ করেননি বর্ষা। তাই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এছাড়া বলিউডকেন্দ্রিক কিছু ইনস্টাগ্রাম পেজ থেকে ‘দিন-দ্য ডে’ নিয়ে পোস্ট করা হয়েছে। কেউ কেউ বলছেন, এই কাজগুলো তারা অর্থের বিনিময়ে করে থাকে।
উল্লেখ্য, বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘দিন-দ্য ডে’। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এখানে বরাবরের মতো নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। এছাড়াও আছেন বাংলাদেশ ও ইরানের অনেক অভিনয়শিল্পী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত