ট্রাকে পিষ্ট মায়ের পেটচিরে ভূমিষ্ঠ শিশুর চিকিৎসায় মেডিকেল বোর্ড

Passenger Voice    |    ০৫:১৫ পিএম, ২০২২-০৭-১৯


ট্রাকে পিষ্ট মায়ের পেটচিরে ভূমিষ্ঠ শিশুর চিকিৎসায় মেডিকেল বোর্ড

ট্রাকে পিষ্ট মায়ের পেটচিরে ভূমিষ্ঠ শিশুটির চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের প্রধান করা হয়েছে হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. তোফাজ্জল হোসেনকে এবং সদস্য সচিব করা হয়েছে নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলামকে।

মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন শিশুসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসম লোকমান হোসেন চৌধুরী, অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম ও নবজাতক বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাকিবুল হক খান।

সদস্য সচিব ডা. নজরুল ইসলাম বলেন, শিশুর রক্ত স্বল্পতা থাকায় মঙ্গলবার রক্ত দেওয়া হয়েছে। জন্ডিস থাকায় ফটোথেরাপি দেওয়া হচ্ছে। শিশুটির শ্বাসকষ্টও দেখা দিয়েছে। যেহেতু শিশুটি দুর্ঘটনার মধ্যদিয়ে জন্ম নেওয়া এবং হাতের দুটি হাড় ভাঙা; সে কারণে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।

রিপোর্ট পাওয়ার পর বলা যাবে শিশুটির আরও কোনো জটিলতা রয়েছে কি না। তবে আপাতত শিশুটি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। শঙ্কামুক্ত বলতে দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক (ডিসি) এনামুল হক বলেন, শিশুটির সার্বিক খোঁজ রাখা হচ্ছে। শিশুর পরিবারের সাময়িক কষ্ট দূর করতে সহায়তা করা হচ্ছে। মঙ্গলবার বিকেলেও জেলা সমাজকল্যাণ পরিষদ থেকে শিশুর পরিবারকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নবজাতক শিশুটি দত্তক নেওয়ার জন্য অনেকে যোগাযোগ করছেন। শিশুটি দত্তকের বিষয়ে আগামী সপ্তাহে জেলা শিশুকল্যাণ বোর্ডের সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী বলেন, শিশুটির চিকিৎসায় বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের নির্দেশনায় হাসপাতাল প্রশাসন সব ব্যবস্থা করছে।