শিরোনাম
Passenger Voice | ০৩:৩০ পিএম, ২০২২-০৭-১৯
চলমান সংকটের কারণে সপ্তাহে একদিন তেলের পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও কোন দিন পাম্প বন্ধ থাকবে, সেটা এখনো জানানো হয়নি। কিন্তু এ খবরে তটস্থ তেলচালিত গাড়িচালকরা। গাড়ি চালাতে যেন তেল সংকটে পড়তে না হয়, তাই আগেই তেল নিয়ে রাখছেন অনেকেই।
সোমবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর একাধিক পাম্প স্টেশনে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
তেজগাঁওয়ের এস আর এন্টারপ্রাইজে গিয়ে দেখা যায়, ডিজেল ও অকটেনের পাশাপাশি সংকুচিত প্রাকৃতিক গ্যাসও (সিএনজি) আছে পাম্পটিতে। সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই সিএনজি বন্ধ করে দেন এখানে কর্মরতরা। তবে তেলের জন্য একের পর এক এসে লাইনে দাঁড়াচ্ছে গাড়ি।
একাধিক গাড়িচালকের সঙ্গে কথা বলে জানা যায়, তেলের পাম্প একদিন বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের কথা শুনেই তারা তেলের জন্য আগাম ভিড় জমিয়েছেন।
আসলাম নামে এক মিনি ট্রাকচালক বলেন, কবে বন্ধ (তেলের পাম্প) তা তো জানি না। এজন্য একটু চিন্তায় আছি। আমাদের তো সকালেই বের হতে হয়।
ওই তেলের পাম্পের কর্মী রুবেল বলেন, পাবলিক আগে থেকেই সচেতন। অনেকেই তেল বেশি করে নিয়ে রাখছেন। কিছুক্ষণ আগেও একটা গাড়ির দরকার এক হাজার টাকার তেল। কিন্তু তিনি নিয়ে রাখলেন তিন হাজার টাকার তেল।
বিষয়টি নিয়ে তেজগাঁওয়ের আরেকটি পাম্প রয়াল ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ কবীর বলেন, আমাদের কাছে নির্দেশনা আসলে আমরা সঙ্গে সঙ্গেই তা বাস্তবায়ন করবো। তবে অনেক গাড়ির চালক বা মালিকরা নিচ্ছেন অতিরিক্ত তেল। যখন একদিন বন্ধ থাকবে, তখন তার আগের দিন পাম্পে চাপ পড়বে এটাই স্বাভাবিক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত