সময়মতো ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে যাত্রীরা

Passenger Voice    |    ০২:১৮ পিএম, ২০২২-০৭-১৬


সময়মতো ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে যাত্রীরা

ঈদুল আজহার আগে সড়ক পথের ভোগান্তি ছিল চরমে। কমলাপুর থেকে ট্রেনও ছেড়েছে বিলম্বে। অন্যদিকে, ঈদের পরে এখনো ঢাকা ছাড়ছেন অনেকে। কিন্তু অধিকাংশ ট্রেনে শিডিউল বিপর্যয় হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা।

নীলসাগর এক্সপ্রেস আজ শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে কমলাপুর ছাড়ার কথা থাকলেও পৌনে ১০টাতেও স্টেশনে পৌঁছায়নি। এ ছাড়া রংপুর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস দেরিতে ছাড়বে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আর সবচেয়ে বেশি দেরি করেছে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি। গতকাল শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি দেরিতে পৌঁছানোয় কমলাপুর স্টেশন ছেড়েছে সকাল ৬টার দিকে।

এদিকে, ঈদের পরে ঢাকা ছাড়ছেন এমন যাত্রীদের অনেকেই বলছেন, ট্রেন ছাড়ার কথা ছিল গতকাল রাত ১০টা ৪৫ মিনিটে, আর ট্রেন ছেড়েছে সকাল ৬টার দিকে। এত ভোগান্তি যে কল্পনা করা যায় না।

ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে জানতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস ছাড়তে দেরি হবে। জয়পুরহাটে একতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সেটির কারণে নীলসাগর এক্সপ্রেস দেরি হচ্ছে।

আজ শনিবার ৩৭ জোড়া আন্তঃনগর ট্রেন চলবে। এর মধ্যে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত ১৫টি ট্রেন ছেড়ে যাবে বলেও জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের এই ম্যানেজার। 

 

প্যা.ভ/ত