সংযোগ সড়কে গর্ত, বন্ধ যান চলাচল

Passenger Voice    |    ০৪:৪৭ পিএম, ২০২২-০৭-১৫


সংযোগ সড়কে গর্ত, বন্ধ যান চলাচল

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঢাকা আঞ্চলিক মহাসড়কে একটি সেতুর সংযোগ স্থলের মাটি ধসে গর্ত হয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় দুর্ভোগে পড়েছে জনসাধারণ।

গত বুধবার বিকেলে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুরের ইছগাঁও নামক স্থানে বেইলি ব্রিজের উত্তর অংশের সংযোগ সড়কের মাটি ধসে পড়ায় ওই সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী জানান, পাগলা-জন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় শত শত যানবাহন চলাচল করে। হঠাৎ এভাবে সড়কের মাটি ধসে পড়ায় এবং যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন ঈদে ছুটিতে আসা মানুষ।
 
জগন্নাথপুর-নারিকেলতলা ইজিবাইক (টমটম) স্ট্যান্ডের সভাপতি আবদুস শহীদ জানান, বেইলি ব্রিজের সংযোগ সড়কের মাটি ধসে পড়ায় ওই স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

জগন্নাথপুর-ঢাকা মহাসড়কের একটি বাস পরিবহনের ম্যানেজার রাজিব চৌধুরী বলেন, 'বিকল্প সড়কে ঢাকা যেতে অতিরিক্ত খরচ ও সময় ব্যয় হবে। দ্রুত সংযোগ সড়কটি মেরামতের দাবি জানাচ্ছি।'

এ ব্যাপারে সুনামগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) উপসহকারী প্রকৌশলী (সিভিল) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ওই স্থানে লোক পাঠানো হয়েছে। সংস্কার কাজ শুরু হয়েছে ইতোমধ্যেই।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, দুর্ঘটনা এড়াতে সেতুর দুই পাশে বাঁশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক এ মহাসড়কে জগন্নাথপুর উপজেলার ইছগাঁওয়ে বহমান নলজুর নদীর ওপর ২০১২ সালে বেইলি সেতুটি নির্মাণ করা হয়। এর আগেও কয়েকবার এই সংযোগ সড়কের মাটি ধসে গর্তের সৃষ্টি হয়ে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।

 

প্যা.ভ/ম