কর্মস্থলে ফেরার পালা, ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

Passenger Voice    |    ০৫:১৯ পিএম, ২০২২-০৭-১১


কর্মস্থলে ফেরার পালা, ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নারায়ণগঞ্জের ৯০ শতাংশ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অফিস-আদালতে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে শুক্রবার (৮ জুলাই) থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে সোমবার (১১ জুলাই)। ছুটি শেষে এবার জীবিকার তাগিদে আবারও কর্মস্থলে ফেরার পালা।

মঙ্গলবার (১২ জুলাই) থেকে কর্মস্থল শুরু হওয়ায় অনেকে আজ রওনা দেবেন ঢাকা-নারায়ণগঞ্জের উদ্দেশে। তবে কেউ কেউ আগামী বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্যন্ত ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেছেন আর তাই তারা ফিরবেন একবারে শনিবার (১৬ জুলাই)। খবর বাংলা নিউজ 

এদিকে ফেরার পালা শুরু হলেও নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কে নেই কোনো যানজট। পুরো মহাসড়ক ফাঁকা দেখা গেছে।

আজ সকাল থেকে সরেজমিনে দুটি মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে একেবারে ফাঁকা সড়কের চিত্র।

সকাল থেকে ঢাকা কিংবা নারায়ণগঞ্জ ফেরা এ পথের যাত্রীরা নির্বিঘ্নে চলে এসেছেন কোনো ধরনের যানজট কিংবা অসুবিধা ছাড়া। এতে স্বস্তি প্রকাশ করেছেন চালক ও যাত্রীরা।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন জানান, মহাসড়কে কোনো ধরনের যানজট নেই। ঈদযাত্রা যেমন নির্বিঘ্নে হয়েছে, কোনো ধরনের যানজট ভোগান্তি ছিল না ঠিক তেমনিভাবে ফেরার পথেও কোনো ধরনের যানজট-ভোগান্তির শিকার হতে হবে না যাত্রীদের। মহাসড়কে আমরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছি।