চালক লাঞ্ছিত, দেড় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন

Passenger Voice    |    ১১:০১ পিএম, ২০২২-০৭-০৯


চালক লাঞ্ছিত, দেড় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন

গাজীপুরে ট্রেনের ইঞ্জিনের ওপর যাত্রী তুলতে বাধা দেওয়ায় শনিবার (৯ জুলাই) বিকেলে আনসার সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছেন চাঁপাই মেইল ট্রেনের চালক। এ ঘটনার প্রতিবাদে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে প্রায় দেড় ঘণ্টা ট্রেনের ইঞ্জিন বন্ধ করে প্রতিবাদ জানান চালক আক্তারুজ্জামান মামুন। পরে আনসার কমান্ডার ও রেলওয়ে স্টেশনের কর্মকর্তাদের মধ্যস্থতায় ৫টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। এ ঘটনায় তিন আনসার সদস্যকে আটক করে তাদেরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী চাপাই মেইল বিকেলে জয়দেবপুর স্টেশনে পৌঁছায়। এ সময় টাকার বিনিময়ে ট্রেনের ছাদে যাত্রী ওঠাচ্ছিলেন দায়িত্বরত আনসার সদস্যরা। ট্রেনচালক আক্তারুজ্জামান মামুন এর প্রতিবাদ জানালে আনসার সদস্যরা তার ওপর চড়াও হন। একপর্যায়ে আনসার সদস্যরা তাদের হাতে থাকা লাঠি দিয়ে চালককে মারধর করেন। এর প্রতিবাদে প্রায় দেড় ঘণ্ট ট্রেন বন্ধ থাকে। এতে উত্তর-পশ্চিমবঙ্গগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন ট্রেনের শত শত যাত্রী।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানিয়েছেন, আনসার সদস্য ও ট্রেনচালকের হাতাহাতির ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ট্রেন বন্ধ ছিল। বিষয়টি আনসার কমান্ডারকে জানানো হলে তিন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়। আনসার সদস্যরা দোষ স্বীকার করে চালকের কাছে ক্ষমা চেয়েছেন। পরে বিকেল ৫টা ৪০ মিনিটে ট্রেনটি জয়দেবপুর স্টেশন ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।