শিরোনাম
Passenger Voice | ১১:০৫ এএম, ২০২২-০৭-০৯
পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় চার কোটি ১৯ লাখ টাকা টোল আদায় হয়েছে, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। শুক্রবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে শনিবার (৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই টোল আদায় হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) টোল দিয়ে ৩১ হাজার ৭২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে মোট চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। এটাই পদ্মা সেতুর সর্বোচ্চ টোল আদায়।
তিনি আরও জানান, রাত পোহালেই ঈদুল আজহা। তবে শেষ দিনে পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের তেমন চাপ নেই। যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুতে ছয়টি লেন দিয়ে যানবাহন টোল দিয়ে পার হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ কিছুটা বাড়তে পারে।
এদিকে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ঘরমুখো মানুষের বাড়তি চাপ নেই।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। সকাল থেকে এই মহাসড়কে যানবাহনের কোনও চাপ নেই।
পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সকাল থেকে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে যেন কোনোরকম বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত