মোটরসাইকেলে এক জেলা থেকে অন্য জেলায় যেতে চলছে আবেদন

Passenger Voice    |    ১১:১১ পিএম, ২০২২-০৭-০৭


মোটরসাইকেলে এক জেলা থেকে অন্য জেলায় যেতে চলছে আবেদন

ঈদুল আজহার ছুটিতে জরুরি প্রয়োজনে এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেলে যাতায়াতে অনুমতি নিতে বলেছে পুলিশ। তার ভিত্তিতে নির্ধারিত ফরম পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে চলছে আবেদন। 

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ট্রাফিক) শেখ ওজিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে আবেদন নেওয়া হচ্ছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৫টি আবেদন পড়েছে।

আবেদন করতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, মোটরসাইকেল নিবন্ধনের কপি ও অফিস পরিচয়পত্র লাগছে। এই চারটিতেই নাম-পরিচয়সহ একইরকম তথ্য থাকতে হবে। 

অনুমতি প্রদানের ক্ষেত্রে বয়স বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শেখ ওজিয়ার রহমান।

তিনি জানান, বৃদ্ধ ও শারীরিকভাবে অসুস্থদের অনুমতি দেওয়া হচ্ছে না।

এর আগে বুধবার রাজারবাগ পুলিশ লাইনসে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পুলিশ বলছে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয় এবং জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে ফরম পাওয়া যাচ্ছে। এ ছাড়া প্রতিটি জেলার থানা ও তদন্ত কেন্দ্রে গিয়ে পাওয়া যাবে এই ফরম।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা রোধ করার কথা বলে মহাসড়কে ৭ জুলাই থেকে পরবর্তী সাত দিন মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে। এরপর বুধবার পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, যৌক্তিক কারণে এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেলে গমনাগমন দরকার হলে ডিসি অনুমতির বিষয়টি বিবেচনা করবেন। ট্রাফিকের সব বিভাগের ডিসিদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চলাফেরা করা মানুষের নাগরিক অধিকার। একজন মানুষ যৌক্তিক কারণে এক স্থান থেকে অন্য স্থানে যেতেই পারেন।

 

সূত্রঃ সমকাল