শিরোনাম
Passenger Voice | ০১:১৫ পিএম, ২০২২-০৭-০৭
ঈদ যাত্রার তৃতীয় দিনে অনেকটা ভোগান্তিহীনভাবে ট্রেনেযাত্রা করতে পারছেন মানুষজন। গতকাল কয়েকটা ট্রেনের সিডিউল বিপর্যয় হলেও আজ (বৃহস্পতিবার) নির্দিষ্ট সময়ে শিডিউল অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একে একে ট্রেন ছেড়ে যাচ্ছে। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীরাও বেশ খুশি।
কমলাপুর রেলওয়ে স্টেশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ও চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সময় মতো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে ঘুরে এসব তথ্য জানা যায়।
সরেজমিনে দেখা যায়, রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে নির্দিষ্ট লাইনে যাত্রার অপেক্ষা করছে ট্রেন। আগে থেকে লাইনে অবস্থান করায় যাত্রীরাও নির্দিষ্ট আসনে বসতে পারছেন সহজে। আবার অনেকে প্ল্যাটফর্মে বসে রয়েছেন নির্দিষ্ট ট্রেনের অপেক্ষায়। তবে যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষায় থাকলেও কোনো দুঃশ্চিন্তা নেই। শিডিউল অনুযায়ী ট্রেন ছেড়ে যাচ্ছে বলে তাদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী মো. আমিন বলেন, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে অ্যানাউন্সমেন্ট হয়েছে। আমি যাব চট্টগ্রামে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কেটেছিলাম। এখন সময় মতো ট্রেন ছাড়ায় খুব ভালো লাগছে এবং টিকিট কাটার কষ্ট দূর হয়ে গেছে।
খুলনাগামী যাত্রী শাহ মোহাম্মদ সিরাজ বলেন, প্রায় ৩০ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কেটেছিলাম। আজ যাত্রার সময়। অন্যান্য ট্রেন দেখলাম সময় মতো তাদের যাত্রা শুরু করেছে। আমাদের ট্রেনও নির্ধারিত সময়ে যাত্রা শুরু করবে। শিডিউল বিপর্যয় না থাকায় খুব স্বস্তি লাগছে।
ঈদুল আজহা উপলক্ষে ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের যাত্রার টিকিট, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই দেওয়া হয় ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত