ঢাকা-আশুলিয়া সড়কে যানজট, ব্যবহার করতে হবে বিকল্প রাস্তা

Passenger Voice    |    ০৩:৪৩ পিএম, ২০২২-০৭-০৬


ঢাকা-আশুলিয়া সড়কে যানজট, ব্যবহার করতে হবে বিকল্প রাস্তা

রাতভর বৃষ্টি আর ভোরে ট্রাক উল্টে যাওয়ায় ঢাকা-আশুলিয়া সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এড়াতে আপাতত সড়কটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ সড়কের পরিবর্তে বিকল্প রাস্তা ব্যবহার করতে চালকদের বলা হয়েছে। 

আজ বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া রোডে গাড়ির ধীরগতি এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাই এই রাস্তাটি আপাতত ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হলো। এতে যানজট এড়ানো সম্ভব হবে এবং ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

ডিএমপি সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া সড়কে শত শত গাড়ি আটকে রয়েছে। সড়কটি সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। এই যানজটের প্রভাব পড়ছে সাভার ও ঢাকা মহানগরেও। এরইমধ্যে রাজধানীতেও যানজট তো সৃষ্টি হয়েছে। তাই এই যানজট নিরসনে আপাতত ঢাকা-আশুলিয়া সড়ক ব্যবহার না করতে ডিএমপি অনুরোধ জানিয়েছে।

ট্রাফিক পুলিশের উপ কমিশনার (উত্তরা) সাইফুল হক জানান, ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়া ও ধউর এলাকার মাঝামাঝি একটি মালবোঝাই ট্রাক উল্টে যায়। সেটা সড়াতে সকাল সাড়ে ৯টা বেজে যায়। এতে দুই দিকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। তাছাড়া বৃষ্টির কারণে রাস্তার একটি অংশ দিয়ে চলাচল সম্ভব না হওয়ায় দুই দিকেই গাড়ির জট লেগে গেছে। ঢাকা জেলা পুলিশ এবং আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে।