শিরোনাম
Passenger Voice | ১১:৩৯ এএম, ২০২২-০৭-০৩
ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট কাটতে স্টেশনগুলোয় মানুষের উপচেপড়া ভিড় থাকে। এতে ভোগান্তিও পোহাতে হয় অনেক। এজন্য মানুষের ভোগান্তি কমাতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রেখেছে রেল মন্ত্রণালয়। কিন্তু অনলাইনে ট্রেনের টিকিট কাটতে কেউ ভোগান্তির শিকার হলে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এ বিষয়ে তথ্য জানাতে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।
আজ শনিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য উন্নতমানের ট্রলি সরবরাহ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চীন থেকে আমদানি করা উন্নতমানের ৫০টি ট্রলি রেল মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
এসময় নূরুল ইসলাম সুজন বলেন, ঈদুল ফিতরের সময় অনলাইনে টিকিট কাটতে বিভিন্ন অভিযোগ ছিল। তবে এবার এখন পর্যন্ত সে ধরনের অভিযোগ পাইনি। গণমাধ্যমে দেখলাম অনেকেই অনলাইন মাধ্যমে টিকিট কাটতে পেরেছেন। এরপরও এবার অনলাইন টিকিটে ফাঁকফোকর পেলে ব্যবস্থা নেয়া হবে।
রেলমন্ত্রী বলেন, এক সময়ে স্টেশনগুলোতে যাত্রীদের মালামাল আনা-নেয়া করতেন কুলিরা। এখন সেটা নেই। স্টেশনে লাগেজ-ব্যাগ আনা-নেয়ায় অত্যন্ত উন্নতমানের ট্রলি উপহার দিয়েছে ইসলামী ব্যাংক। প্রধানমন্ত্রী রেল মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে চান। রেল মন্ত্রণালয়ে এবার ১৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেয়া হয়েছে। আগামী বছরের মধ্যে কক্সবাজার যাবো (রেললাইন সম্পন্ন হবে), ঢাকা থেকে ভাঙ্গা যেতে পারবো।
তিনি বলেন, কয়েকদিন পর ঈদুল আজহা, যাত্রীদের প্রধান চাহিদা এখন ট্রেন। এবার পোশাক কারখানার শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন থাকছে। জয়দেবপুর থেকে ওই ট্রেনের টিকিট নেয়া যাবে।
মন্ত্রী বলেন, আমাদের ডুয়েলগেজ ৬০টি কোচ আসছে। আরো ১০০টি পাইপলাইনে আছে। ডাবল লাইন এবং পদ্মা সেতু হয়ে গেলে আমাদের সক্ষমতা আরও বেড়ে যাবে। তখন নিরাপদে সব যাত্রী ট্রেনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মওলা বলেন, ৪০ বছরের ব্যবধানে ব্যাংকিং সেক্টরে আমরা নাম্বার ওয়ান। সারাদেশ একটি মেডিকেল কলেজ, পাঁচটি নার্সিং ইনস্টিটিউটসহ ১৯টি হাসপাতাল আছে। জাতির প্রয়োজনে সব খাতে সহযোগিতা করবে ইসলামী ব্যাংক। আজকে তারই ধারাবাহিতায় রেলওয়ের যাত্রীদের জন্য ট্রলি উপহার দিচ্ছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত