ভিড় নেই ক্যান্টনমেন্ট স্টেশনে

Passenger Voice    |    ১২:২১ পিএম, ২০২২-০৭-০২


ভিড় নেই ক্যান্টনমেন্ট স্টেশনে

ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহ ও নেত্রকোনাগামী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এখানে নির্বিঘ্নে ট্রেনের টিকিট কিনতে পারছেন যাত্রীরা। এ স্টেশনে টিকিটের জন্য দীর্ঘ সময় কাউকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। টিকিট হাতে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন টিকিটপ্রত্যাশীরা।

শনিবার (২ জুলাই) সকাল ৮টায় দ্বিতীয় দিনের মতো ঢাকা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এ দিন বেলা ১১টা পর্যন্ত ৪০০ টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে।

এই স্টেশন থেকে ময়মনসিংহ এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস নামে দুটি ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। মোট টিকিটের ৫০ শতাংশ কাউন্টারে ও বাকি ৫০ শতাংশ অনলাইনে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

শনিবার সকাল ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্লাটফর্মে ঢুকতেই হাতের ডানপাশে একটি টিকিট বিক্রির কাউন্টার বুথ করা হয়েছে। সেখানে পৃথক দুটি ডেস্কে টিকিট বিক্রি করছেন রেলওয়ের দুই কর্মী। বাইরে টিকিটপ্রত্যাশীদের তেমন কোনো চাপ নেই।

দু-চারজন টিকিটপ্রত্যাশী স্টেশনে আসছেন, কোনো বিড়ম্বনা ছাড়াই টিকিট নিয়ে আবার চলে যাচ্ছেন তারা। কাউকে দীর্ঘসময় টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে না। টিকিট পাচ্ছে না এমন অভিযোগও কেউ করেন নি। এভাবে বেলা ১১টা পর্যন্ত ৪০০ এর মতো টিকিট বিক্রি হয়েছে।