শিরোনাম
Passenger Voice | ১২:১২ পিএম, ২০২২-০৭-০২
পিকআপ নিয়ে দোকান চুরি। তাও আবার খোদ রাজধানীর বুকে। এমনি একটি চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, চক্রটি রাজধানী ও আশপাশের কয়েকটি জেলায় নিয়মিত এই অপকর্ম করছিল। দোকান চুরি করাই চক্রের মূল পেশা। বাকিদের ধরতে কাজ করছেন গোয়েন্দারা।
গভীর রাত। রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকার একটি মুদি দোকান। দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকেছে তিন চোর। বাইরে পিকআপ নিয়ে অপেক্ষায় আছে দুজন। মুহূর্তেই দোকানের টাকা পয়সা ও মালামাল লুট করে সটকে পড়ে চোর চক্র। পরদিন সকালে দোকানে গিয়ে মাথায় হাত মালিকের।
ওই এক দোকান থেকেই আনুমানিক তিন লাখ টাকার মালামাল চুরি হয় সে রাতে। পরে দক্ষিণখান থানায় মামলা করেন ভুক্তভোগী।
ভুক্তভোগী দোকানদার বলেন, সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের সাটারের তালা খোলা। তখন দোকানের ভেতরে গিয়ে দেখি মালামাল সব এলোমেলো এবং অনেক মালামাল নেই।
চলতি বছরের মার্চে দায়ের করা সেই মামলা জুন মাসে আসে গোয়েন্দা পুলিশের হাতে। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে গ্রেফতার করা হয় চোর চক্রের দুজনকে। পুলিশ বলছে, এই চক্র চুরির মালামাল বিক্রি করতো নারায়ণগঞ্জের নির্দিষ্ট একটি দোকানে। গ্রেফতার হওয়াদের মধ্যে আছেন সেই দোকানীও।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কায়সার রিজভী কোরায়েশী বলেন, তারা চুরির সময় পিকআপ ব্যবহার করে থাকে। আর পিকআপের যে মালিক সে একজন পেশাদার চোর সর্দার। সে শুধু নারায়ণগঞ্জ না অন্যান্য জেলাতেও চুরি কাজ সংঘটিত করেছে।
গ্রেফতার হওয়া দুজন জানিয়েছে বাকি তিনজন ইতোমধ্যেই অন্য মামলায় আটক হয়ে কারাগারে আছেন।
পুলিশ বলছে, দোকানীরা সিসি ক্যামেরাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলে চুরির ঘটনা কমবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শিফিকুল আলম বলেন, যারা দোকানের মালিক তারা তাদের স্থানকে নিরাপদ রাখার জন্য অবশ্যই যেন সিসি ক্যামেরা বা নাইট ভিশন ক্যামেরা এটা লাগায়।
এই চক্রটি ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুরসহ বেশ কয়েকটি জেলায় ইতোমধ্যেই অসংখ্য চুরির সঙ্গে জড়িত।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত