শিরোনাম
Passenger Voice | ০৩:৪৮ পিএম, ২০২২-০৬-২৯
বন্যায় হবিগঞ্জ জেলায় বড় ক্ষতির মুখে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। অনেক সড়ক থেকে বন্যার পানি নেমে গেলেও রয়ে গেছে ক্ষতর দাগ। কোথাও কোথাও এখনো জমে আছে পানি। এই ক্ষতি পুষিয়ে সড়কপথ স্বাভাবিক করকে সময় লাগবে বলে জানিয়েছে জেলা সড়ক ও জনপথ বিভাগ।
হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ৩৩০ কিলোমিটার সড়ক জনপথ বিভাগের আওতায়। এর মাঝে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২৯ কিলোমিটার। ক্ষতির পরিমাণ ১৪০ কোটি টাকা। এর মাঝে হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে সবচেয়ে বেশি। এই সড়কে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
এ ছাড়াও বাল্লা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কে ৩০ কোটি টাকা, লাখাই-বামৈ সড়কে ৩০ কোটি টাকা এবং বানিয়াচং-নবীগঞ্জ সড়কে ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্যায় কোনো ব্রিজের ক্ষতি না হলেও ব্রিজের এ্যাপ্রোচ অনেক স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে এলজিইডি সূত্রে জানা যায়, জেলায় তাদের মোট রাস্তা রয়েছে এক হাজার ৮৩৫ কিলোমিটার। এর মাঝে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭৩ কিলোমিটার। যা মেরামতে ৫৯ কোটি ৫২ লাখ টাকা ব্যয় হবে। এ ছাড়াও জেলায় এলজিইডির সড়কে ব্রিজ রয়েছে ২৪ হাজার ৭০.৭৯ মিটার। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০২ মিটার। ক্ষতির পরিমাণ ১০ কোটি ৩৪ লাখ ২৫ হাজার টাকা।
হবিগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুর রহমান জানান, এবারের বন্যার পানিতে স্রোত এবং স্থায়িত্ব ছিল বেশি। ফলে রাস্তাঘাটের ক্ষতি বেশি হয়েছে। জরুরি ভিত্তিতে তা মেরামত না করতে পারলে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত