ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যান চলাচল বন্ধ

Passenger Voice    |    ০২:৫০ পিএম, ২০২২-০৬-২৯


ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা যান চলাচল বন্ধ

নরসিংদীর বেলাবতে কবির হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এতে বুধবার (২৯ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। 

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, শনিবার (২৫ জুন) দুপুরে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামে এক ব্যবসায়ীকে খুন করা হয়। খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বস্ত করেছি। শিগগিরই প্রকৃত দোষীরা বিচারের আওতায় আসবে। তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, নিহত কবির হোসেন খামারের চর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ও বারৈচা বাজারের এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবসায়ী ছিলেন। তিনি স্থানীয় একটি হত্যা মামলার পলাতক প্রধান আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি গ্রেপ্তার হয়ে আদালত থেকে জামিনে ছিলেন।