শিরোনাম
Passenger Voice | ০১:৫২ পিএম, ২০২২-০৬-২৯
রাজধানীর পল্লবীতে গভীর রাতে যাত্রী সেজে রাজা মিয়া (৩০) নামে এক পাঠাও চালককে গলা কেটে হত্যা করেছে এক ছিনতাইকারী। এ ঘটনায় ঘাতক ছিনতাইকারী কাউসার আহমেদকে (২২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পল্লবীর ‘ধ’ ব্লকে এই ঘটনা ঘটে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. আহাদ আলী গণমাধ্যমকে জানান, রাত দেড়টার দিকে ওই ছিনতাইকারী কালশী মোড় থেকে পাঠাও চালক রাজামিয়াকে গাবতলী যাওয়ার জন্য ভাড়া করে।
পরে চালাকি করে তাকে পল্লবীর ‘ধ’ ব্লক এলাকায় নিয়ে যায়। এরপর তার কাঁধে থাকা একটি ব্যাগ থেকে ছুরি বের করে রাজা মিয়ার গলা কেটে মোটরসাইকেল, মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করি।
তিনি আরো জানান, ঘটনার পর বিষয়টি আমরা আশপাশের থানা এলাকায় জানাই। নিহত রাজা মিয়া রুপনগর থানার আরামবাগ এলাকায় থাকতো। তার বাড়ি শেরপুর জেলায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক কাউসার আহমেদকে সাভার থানার বিরুলিয়া এলাকার আক্রাইন বাজার থেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে রাজা মিয়াকে হত্যায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল, মোবাইল ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত