রেলে যাত্রী প্রতি ব্যয় হয় দুই টাকা ৪৩ পয়সা, আয় ৬২ পয়সা

Passenger Voice    |    ১১:১১ এএম, ২০২২-০৬-২৮


রেলে যাত্রী প্রতি ব্যয় হয় দুই টাকা ৪৩ পয়সা, আয় ৬২ পয়সা

রেলওয়ের প্রতি কিলোমিটারে যাত্রী প্রতি খরচ হচ্ছে ২ দশমিক ৪৩ টাকা এবং আয় হচ্ছে শূন্য দশমিক ৬২ টাকা। অন্যদিকে মালামাল বহনে প্রতি কিলোমিটারে টন প্রতি খরচ হয়েছে ৮ দশমিক ৯৪ টাকা এবং আয় হয়েছে ৩ দশমিক ১৮ টাকা। আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টর রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন ২০১৮-১৯ অর্থ বছরে তৈরি রেলওয়ে কস্টিং প্রোফাইলের ভিত্তিতে আয়-ব্যয়ের এ তথ্য তুলে ধরেন। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। মন্ত্রী তার প্রশ্নোত্তরে রেলওয়ের গত ৫ বছরের (২০১৬-১৭ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থবছর) রেলের আয়ের পরিসংখ্যান তুলে ধরেন। 

মন্ত্রীর তথ্য মতে, ৫ বছরে ৩৬ কোটি ১৭ লাখ যাত্রী এবং ২ কোটি ৮ লাখ ১৩ হাজার টন মালামাল বহন করেছে। এ সময়ে রেলের আয় হয়েছে ৬৮ কোটি ৮৬ লাখ ৫১ হাজার টাকা আয় হয়েছে। তিনি বলেন, সাধারণত স্বাভাবিক সময়ে রেলওয়ের টিকিটের দুষ্প্রাপ্যতা থাকে না। তবে ঈদ বা পূজা বা বিভিন্ন ছুটি উপলক্ষে টিকিটের চাহিদা স্বাভাবিকের চেয়ে অনেক বৃদ্ধি পেয়ে থাকে। এ সময়ে ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন ও স্পেশাল ট্রেনের মাধ্যমে যাত্রী সেবা দেয়া হয়।