বন্ধ হলো রাজশাহীর আমের ট্রেন, নেওয়া হচ্ছে পশু পরিবহনের প্রস্তুতি

Passenger Voice    |    ০৩:০৭ পিএম, ২০২২-০৬-২৬


বন্ধ হলো রাজশাহীর আমের ট্রেন, নেওয়া হচ্ছে পশু পরিবহনের প্রস্তুতি

আমের অভাবে যাত্রা শুরুর মাত্র ১১ দিনের মাথায় বন্ধ হলো ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। শুক্রবার থেকেই বন্ধ হয়ে গেছে বিশেষ এ ট্রেন। তবে এবার চালু হতে যাচ্ছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’।

আমের মতোই স্বল্প খরচে রাজশাহী অঞ্চলের কোরবানির পশু রাজধানী ঢাকায় নিয়ে যাবে বিশেষ এ ট্রেন। ঈদের অন্তত সপ্তাহখানেক আগে ক্যাটল স্পেশাল ট্রেন চালুর প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

এর আগে রাজধানী ঢাকায় রাজশাহী অঞ্চলের আম পৌঁছে দিতে গত ১৩ জুন চালু হয়েছে ম্যাঙ্গো ট্রেন। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজশাহী হয়ে ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। সর্বশেষ ২৩ জুন আম নিয়ে এ ট্রেন ঢাকায় পৌঁছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কুরিয়ার সার্ভিসে ঢাকায় এক টন আম নিতে খরচ প্রায় ২০ হাজার টাকা। যেখানে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে খরচ পড়েছিল মাত্র এক হাজার ১১৭ টাকা। আট ওয়াগানে দিনে ৩০০ টনের অধিক আম বহনের সুযোগ ছিল বিশেষ এ ট্রেনে।

সপ্তাহে সাতদিনই চলছিল ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। প্রতিদিন বিকাল ৪টায় রহনপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল ট্রেনটি। আম নিয়ে ট্রেনটি ঢাকার তেজগাঁও স্টেশনে থামছিল রাত পৌনে ২টায়।

পথে আমনুরা জংশন, চাঁপাইনবাবগঞ্জ, কাঁকনহাট, রাজশাহী, সরদহ রোড, আড়ানী, আব্দুলপুর, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের পর তেজগাঁও স্টেশনে থামছিল এ ট্রেন।

কিন্তু ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন বন্ধ করতে হলো বলে জানিয়েছেন পশ্চিম রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভুঁইয়া।

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, অব্যাহত লোকসানের মুখে কর্তৃপক্ষ ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ রুটে ক্যাটল স্পেশাল ট্রেন চালুর কথাবার্তা চলছে।