শিরোনাম
Passenger Voice | ১২:৪৮ পিএম, ২০২২-০৬-২৬
সময়ের সঙ্গে মানুষের জীবনে পরিবর্তন আসে। জীবনের চিরন্তন সত্যগুলো মানুষ উপলব্ধি করে। বিশেষ করে বিয়ের পর মানুষের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দেয়। ব্যতিক্রম নন বলিউড তারকা রণবীর কাপুরও। অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ের পর বদলে গেছে তার জীবনও।
একটা সময় রণবীর ছিলেন প্রেমিক পুরুষ। একের পর এক প্রেমে জড়িয়েছেন, আবার সেই সম্পর্ক ছিন্ন করেছেন। তবে এখন তিনি আলিয়াতেই মগ্ন। কয়েক বছর প্রেমের পর ভাট পরিবারের কন্যাকেই বেছে নিয়েছেন জীবনসঙ্গী হিসেবে।
বিয়ের পর জীবন নিয়ে কী উপলব্ধি হচ্ছে রণবীরের, সেটা অকপটেই জানালেন তারকা। বললেন, ‘‘আগে সিনেমার সংলাপের সঙ্গে তাল মিলিয়ে বলতাম, জীবনটা কেবল ডাল-ভাতে চলে নাকি? হাক্কা চাউমিন, পাওভাজি, টেংরি কাবাব, সবই তো লাগে। কিন্তু এখন বলব, একটা সময়ের পর জীবনটা ডাল-ভাতই। ওইটুকুই মুখ্য হয়ে ওঠে। আলিয়া এখন আমার সেই জায়গা নিয়েছে। সে-ই ডাল-ভাত, আবার কখনও তাতে তড়কা, মশলা ইত্যাদি কত কী মিশছে! এ জীবন শান্তির, সুখের। আমার ভাল লাগছে।’’
শুধু তাই নয়, আগে যেমন গায়ে হাওয়া লাগিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে নায়কের মতো জীবনযাপন করতেন রণবীর, এখন একেবারে বদলে গেছেন। জানালেন, এখন আর শুধু নিজের জন্য ভাবেন না। পরিবারের কথা ভেবে সব কাজ করেন।
উল্লেখ্য, গত এপ্রিলে বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এর আগে তারা দীর্ঘদিন প্রেম করেছিলেন। বিয়ের আগে কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে আগামী সেপ্টেম্বরেই মুক্তি পাচ্ছে এই দম্পতির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত