মা-মেয়ের শাড়ি মিলে যেন এক খন্ড বাংলাদেশ!

Passenger Voice    |    ০১:৫৯ পিএম, ২০২২-০৬-২৫


মা-মেয়ের শাড়ি মিলে যেন এক খন্ড বাংলাদেশ!

দেশ-বিদেশের সব আলোচনা-সমালোচনা, ষড়যন্ত্র-কূটমন্ত্রের কড়া জবাব দিয়ে সাহস আর জাতীয় গৌরবের প্রতীক পদ্মা বহুমুখী সেতুর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধনের মাধ্যমে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। উন্মোচিত হয়েছে যোগাযোগের নতুন দিগন্ত।

শনিবার (২৫ জুন) ১২টার দিকে ১৬ কোটি বাঙালির স্বপ্ন পূরণ করেন বঙ্গবন্ধুকন্যা। মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর উদ্বোধনে রচিত হলো বাঙালির আরেক ইতিহাস। মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পর সেখানে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। এ ছাড়া মোনাজতে অংশ নেন অন্যান্য মন্ত্রীরা। মোনাজাত শেষে ফলকের গোল চত্বরে ফটোসেশন করেন প্রধানমন্ত্রী ও তার মেয়ে পুতুল।

প্রধানমন্ত্রী ও তার মেয়ে পুতুল যে শাড়ি পরেছেন, তাতে লাল-সবুজের মিশেলে যেন ফুটে উঠেছে এক টুকরো বাংলাদেশ। এ সময় পুতুল তার ফোন দিয়ে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলেন।

এদিকে, স্বপ্নের পদ্মা সেতুতে টোল দিয়ে জাজিরা প্রান্তে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ ‍জুন) দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান। সেখানে পৌঁছে সেতু ও ম্যুরাল-২-এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন শেখ হাসিনা। সেখানেও মোনাজাতে অংশ নেন তিনি।

এরপর মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেল সাড়ে ৫টায় জাজিরা পয়েন্ট থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।