শিরোনাম
Passenger Voice | ০৪:০৪ পিএম, ২০২২-০৬-২০
সামনের সড়ক থেকে বাড়ির উঠান ছাড়িয়ে হাঁটুসমান পানি ঢুকে গেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিমের শয়নকক্ষেও। শুক্রবার রাত থেকেই নগরীর অন্যান্য নিম্নাঞ্চলের মতো মেয়রের বাড়ি থেকেও পানি নামছে না। এদিকে রোববার রাতভর বৃষ্টিতে সেটি আরও চরম আকার ধারণ করেছে।
সোমবার (২০ জুন) বেলা ১১টায় দেখা যায়, সামনের সড়ক থেকে বাড়ির উঠান পর্যন্ত হাঁটুপানি, আবার কোনো কোনো জায়গায় কোমরসমান পানি। সেই পানি ঢুকে গেছে বাড়ির নিচতলার রুমেও।
পানি ডিঙিয়ে দুপুর ১টায় বাড়ি থেকে বের হন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি সময় সংবাদকে বলেন, ‘আমার বাসার নিচতলায় পানি ঢুকেছে। আমার শয়নকক্ষেও পানি প্রবেশ করেছে। যে কারণে উপরের তলায় দুটি ঘর আছে। সেখানে থাকতে হচ্ছে আমাদের।’
নগরীর বহদ্দারহাটের বহদ্দারবাড়ি এলাকার প্রবেশমুখেই মেয়রের দোতলা বাড়ি।
এ সময় সিটি মেয়র রেজাউল করিম আরও বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে। খালের কিছু কিছু বাঁধ কেটে দেয়া হয়েছে। তবে খালের বাঁধ কাটলেও মাটিগুলো সরানো হয়নি। যে কারণে খাল দিয়ে বৃষ্টির পানি বের হতে পারছে না।
খালের মাটি পরিষ্কার করার দায়িত্ব কার? এমন প্রশ্নে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, যারা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছেন, খাল থেকে মাটি সরিয়ে নেয়ার দায়িত্বও তাদের।
মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় নগরবাসীকে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজ শেষ হলে জলাবদ্ধতার হাত থেকে রেহাই পাবেন নগরবাসী।
এদিকে বহদ্দারবাড়ির বাসিন্দা মোহাম্মদ তানভীর বলেন, ‘বহদ্দারবাড়ির সড়কটি কিছুদিন আগে উঁচু করা হয়। আশপাশের নালাও বড় করা হয়। কিন্তু এরপরও পানি থেকে আমাদের রক্ষা মিলল না। তিন দিন ধরে মেয়রের বাড়ির মতো আমাদের বাড়ির ভেতরেও হাঁটুপানি। রান্না বন্ধ, বাইরে থেকে কিনে খেতে হচ্ছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত