শিরোনাম
Passenger Voice | ১১:০২ এএম, ২০২২-০৬-১৫
শেয়ারহোল্ডারদের ১ টাকা করে লভ্যাংশ দেবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (১৫ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সালে বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেলের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৩৭ পয়সা। যা আগের বছর ছিল ১ টাকা ১০ পয়সা। অর্থাৎ ২৭ পয়সা করে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে।
১৯৯৫ সালে তালিকাভুক্ত এই কোম্পানিটি ১ টাকা ৩৭ পয়সা মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের ১ টাকা লভ্যাংশ দেবে। বাকি টাকা কোম্পানির রিজার্ভ সারপ্লাসে জমা দেওয়া হবে। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৩৯৫টি।
এর আগের বছর ২০২০ সালেও ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। তবে তার মধ্যে ৫ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। লভ্যাংশ ঘোষণার দিন কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৩ দশমিক ৮০ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর। ওইদিন দুপুর ১২টায় ডিজিটাল প্লাটর্ফমে এজিএম অনুষ্ঠিত হবে। সেজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত