পদ্মা সেতুতে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশ দিয়ে জাদুঘর নির্মিত হবে

Passenger Voice    |    ০২:৪৩ পিএম, ২০২২-০৬-১৪


পদ্মা সেতুতে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশ দিয়ে জাদুঘর নির্মিত হবে

বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের অপেক্ষায়। এ নিয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে চারদিকে। স্বাভাবিকভাবেই আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকেও পদ্মা সেতু নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সেতুটির নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্র-যন্ত্রাংশ দিয়ে যেন একটি জাদুঘর নির্মাণ করা হয়।

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। আজকের একনেক বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, পদ্মা সেতু আমাদের গর্ব। তাছাড়া ভুলে গেলে চলবে না, অনেক বাধা-বিপত্তি কাটিয়ে এই সেতু নির্মাণে ঝুঁকি নিতে হয়েছে। তাই এতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র-যন্ত্রাংশ দিয়ে ভাঙ্গা অংশে একটি জাদুঘর নির্মাণ করা হবে।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উচ্ছ্বসিত। সেতুটির নির্মাণ কাজ থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। উদ্বোধনের দিন কিংবা তার আগেই এই ব্যবস্থা করা হবে।