শীঘ্রই শুরু হবে কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ

Passenger Voice    |    ০৫:৪৭ পিএম, ২০২২-০৬-১১


শীঘ্রই শুরু হবে কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ

নো ম্যানস ল্যান্ড জটিলতায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার কারণে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণকাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন কবির। 

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজের অগ্রগতি দেখার জন্য হুমায়ূন কবির ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। এরপর তিনি আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে লাকসামে যান।

রেলপথ সচিব হুমায়ূন কবির বলেন, কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ পুনরায় শুরুর ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে। যথা সম্ভব তাড়াতাড়ি কাজ শুরু হবে। আশা করছি খুব শিগগিরই কাজ শুরু হবে।

উল্লেখ্য, নো ম্যানস ল্যান্ড জটিলতায় কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণকাজে বাধা দেয় বিএসএফ। এর ফলে দীঘদিন ধরে কাজ বন্ধ করে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।