উপহার কিনতে ব্যয় ১৫ লাখ ৬১ হাজার ৩৬৫ টাকা

পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের জন্য টাই, চাবির রিংসহ থাকছে নানা উপহার

Passenger Voice    |    ০১:০৭ পিএম, ২০২২-০৬-০৯


পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের জন্য টাই, চাবির রিংসহ থাকছে নানা উপহার

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের উপহার দেওয়া হবে। এই উপহার কিনতে ব্যয় হবে ১৫ লাখ ৬১ হাজার ৩৬৫ টাকা। 

উদ্বোধন অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে উপহার হিসেবে দেওয়া হবে পদ্মা সেতুর ছবিসংবলিত সিল্কের টাই, বিভিন্ন রঙের চাবির রিং, পেপার ওয়েট ও মোবাইল ওয়ালেট। প্রতিটি উপহারসামগ্রী ৩০০ পিস করে কিনছে সেতু বিভাগ। অনুষ্ঠান সফল করতে ১৮টি উপকমিটি করা হয়েছে। 

স্যুভেনির উপকমিটি সূত্রে জানা যায়, আমন্ত্রিত অতিথিদের উপহার দেওয়া হবে। সেতুর ছবিসংবলিত মাস্ক কেনা হচ্ছে ৬ হাজার ৩০০টি। উপস্থিত সবাইকে মাস্ক দেওয়া হবে।

অনুষ্ঠানে ৬ হাজার মানুষের উপস্থিতি থাকবে বলে ধরে খাবারের আয়োজন করা হচ্ছে। নাশতা সরবরাহ করা হবে বাংলাদেশ পর্যটন করপোরেশন থেকে। আগামী ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে যান চলাচল উদ্বোধন করবেন।

আর মাত্র ১৬ দিন বাকি রয়েছে সেতু উদ্বোধনের। এত অল্প সময়ে উন্মুক্ত দরপত্র আহ্বান করে উপহারসামগ্রী কেনা সম্ভব নয়। তাই বাজারদর যাচাই করে সরাসরি এসব কেনা হবে। অতিথিদের প্রকল্পের পক্ষ থেকে মেটাল কোট পিন উপহার দেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানস্থল বর্ণিল সাজে সাজানো হবে। নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সেতু বিভাগের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানের কাজ পেয়েছে 'ইভেন্ট টাচ' নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। তারা ২ জুন কাজ শুরু করেছে।

ইভেন্ট টাচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মইনুল আহসান বলেন, ইতোমধ্যে প্রায় ৩০০ সরকারি অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তাদের। তবে আয়োজনের দিক থেকে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ। 

মাওয়া প্রান্তে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করবেন। এই অংশের কাজ করছে ইভেন্ট টাচ। জাজিরা প্রান্তে হবে জনসমাবেশ।

সূত্র: সমকাল