শিরোনাম
Passenger Voice | ১০:১৯ এএম, ২০২২-০৬-০৯
পদ্মা সেতুর টোল নির্ধারণ করা হয়েছে বিদ্যমান ফেরির টোলের দেড় গুণ হারে। নতুন টোলহারের কারণে পদ্মা সেতু হয়ে চলাচল করা বাসের ভাড়া বাড়ানোর আবেদন করেছেন মালিকরা। এর পরিপ্রেক্ষিতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটের বাসভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পদ্মা সেতু চালুর পর এসব রুটের বাসে আসনপ্রতি ১০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা গিয়েছে, সায়েদাবাদ-বরিশাল ভায়া মাওয়া-ভাঙ্গা-মাদারীপুর রুটের বাসে প্রতি আসনের বর্তমান ভাড়া ৪০২ টাকা। পদ্মা সেতু চালুর পর এ রুটের প্রতি আসনের ভাড়া হবে ৪১২ টাকা। সায়েদাবাদ-গোপালগঞ্জ ভায়া মাওয়া-ভাঙ্গা-রাজৈর রুটের ভাড়া ৪৯৪ থেকে বাড়িয়ে ৫০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ-খুলনা ভায়া মাওয়া-ভাঙ্গা-গোপালগঞ্জ রুটে ৬৩৯ টাকা থেকে বাড়িয়ে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৪৯ টাকা। ১০ টাকা বাড়িয়ে ঢাকা-শরীয়তপুর ভায়া মাওয়া-জাজিরা রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২১৮ টাকা।
সায়েদাবাদ-পিরোজপুর ভায়া মাওয়া-ভাঙ্গা বরিশাল রুটের ভাড়া ৫২৪ থেকে বাড়িয়ে ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১০ টাকা বাড়িয়ে ঢাকা-পিরোজপুর ভায়া মাওয়া-ভাঙ্গা-গোপালগঞ্জ-বাগেরহাট রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬২৮ টাকা। একইভাবে সায়েদাবাদ-পটুয়াখালী ভায়া মাওয়া-ভাঙ্গা-বরিশাল রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০২ টাকা। সায়েদাবাদ-মাদারীপুর ভায়া মাওয়া-ভাঙ্গা রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩২৭ টাকা। সায়েদাবাদ-সাতক্ষীরা ভায়া মাওয়া-ভাঙ্গা-গোপালগঞ্জ-খুলনা রুটের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৩৩ টাকা।
সায়েদাবাদ-ফরিদপুর ভায়া মাওয়া-ভাঙ্গা রুটের বর্তমান ভাড়া ২৭৮ টাকা। এ রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৮৮ টাকা। একইভাবে সায়েদাবাদ-চরফ্যাশন ভায়া মাওয়া-ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল-ভোলা রুটের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৫৪ টাকা। সায়েদাবাদ-শরীয়তপুর ভায়া মাওয়া রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। সায়েদাবাদ-কুয়াকাটা ভায়া মাওয়া-ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৪ টাকা।
বিআরটিএ সূত্রে জানা গিয়েছে, পদ্মা সেতু হয়ে চলাচলকারী বাসভাড়া পুনর্নির্ধারণের জন্য গত ৩১ মে আবেদন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ স্বাক্ষরিত আবেদনপত্রে বলা হয়, সরকার পদ্মা সেতুতে গাড়ি পারাপারের টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। আর ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতেও টোল আরোপ করা হবে। এমন পরিপ্রেক্ষিতে নীতিমালা অনুযায়ী পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী বাসের ভাড়ার সঙ্গে টোল সংযোজনের অনুরোধ করা হয় আবেদনে।
এ আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটের বাসভাড়া পুনর্নির্ধারণ করে বিআরটিএ। তবে নতুন ভাড়ার সঙ্গে কেবল পদ্মা সেতুর টোলহারকে বিবেচনা করা হয়েছে। এক্সপ্রেসওয়ের টোলহার নির্ধারণ করে যখন প্রজ্ঞাপন জারি করা হবে, তখন বাসভাড়া আরেকবার পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিআরটিএর কর্মকর্তারা।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটে বাসভাড়া পুনর্নির্ধারণের বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, টোল নীতিমালা অনুযায়ী এ ১৩টি রুটের বাসভাড়া পদ্মা সেতুর টোলের সঙ্গে সমন্বয় করা হয়েছে। একইভাবে যখন এক্সপ্রেসওয়ের টোল নির্ধারিত হয়ে প্রজ্ঞাপন জারি করা হবে, তখন নীতিমালা অনুযায়ী সেটাও বাসভাড়ার সঙ্গে সমন্বয় করা হবে।
২৫ জুন উদ্বোধন করা হবে পদ্মা সেতু। উদ্বোধনের পরদিন অর্থাৎ ২৬ জুন সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, মনে রাখবেন ২৫ জুন কোনো গাড়ি পদ্মা সেতুর ওপর দিয়ে যাবে না। ২৬ জুন সকাল ৬টা থেকে টোল দিয়ে পদ্মা সেতুতে যান চলাচল করতে পারবে।
তিনি বলেন, আগের দিন কিছু সময়ের জন্য হয়তো খোলাও হতে পারে। সেটা এখনো নিশ্চিত না। হেঁটে হয়তো যাতায়াত করতে পারবে, এটার জন্য সময়সীমা দেয়া হবে। সে চিন্তা-ভাবনা চলছে।
এর আগে একই অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন বলেন, ২৫ জুন পদ্মা সেতু পার হওয়ার জন্য অনেকের মধ্যে আগ্রহ আছে। ওইদিন প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে চলে আসার পর যেকোনো সময় প্রজ্ঞাপন দিয়ে বা গণবিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়া হবে কখন পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। সেটা হতে পারে পরদিন ভোর ৬টা বা ওইদিনই কোনো এক সময় থেকে।
সূত্র; বণিক বার্তা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত