শিরোনাম
Passenger Voice | ১২:৪৪ পিএম, ২০২২-০৬-০৮
রাজধানীর হাতিরঝিল থেকে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের প্রডিউসার আব্দুল বারীর (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ। নিহত ব্যক্তি ডিবিসি নিউজের সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রশিদ।
আব্দুল বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদরে। তিনি মহাখালীতে একটি ব্যাচেলর বাসায় ভাড়া থাকতেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ৭ থেকে ৮ ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। প্রাথমিক ধারণা তাকে খুন করা হয়েছে, তা স্পষ্ট। সুরতহালে সে রকম আলামতই পাওয়া গেছে। হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। হত্যাকাণ্ডটির তদন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি।
গুলশান বিভাগ পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানান, মরদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে বারীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা। তার মরদেহের পাশ থেকে রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল উদ্ধার করে পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত