ঈদের দুই সপ্তাহ আগে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দাবি

Passenger Voice    |    ১১:১০ পিএম, ২০১৯-০৯-২৬


ঈদের দুই সপ্তাহ আগে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দাবি

 

যাতায়াতের দুর্ভোগ কমাতে ঈদের দুই সপ্তাহ আগেই স্কুল-কলেজ ছুটি দেওয়ার দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।

শনিবার (৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।

উক্ত সংগঠনটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম জানান, 'ঈদের সময় ঘরমুখো মানুষের দুশ্চিন্তার অন্যতম কারণ দুর্ঘটনা। এ সময়ে কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য শহর-বন্দরে পরিবহন কাজে এবং প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য প্রায় চার থেকে পাঁচ কোটি লোক যাতায়াত করবে। এত মানুষের ঈদ প্রস্তুতি ও চলাচলের জন্য প্রতি বছরের মতো এ বছরর দেশের পরিবহন ব্যবস্থার ওপর অত্যাধিক চাপ পড়বে। যাত্রীদের এই অতিরিক্ত চাপ যথাযথভাবে পরিচালনা করে সকলের যথা সময়ে আরামদায়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য এখনই একটি সুচিন্তিত ও কার্যকরী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।'

এছাড়া তিনি আরও বলেন, 'ঈদে যাতায়াতের দুর্ভোগ কমানোর জন্য সর্বপ্রথম যে পদক্ষেপটি নিতে হবে তা হলো ঈদের দুই সপ্তাহ আগেই সমস্ত স্কুল-কলেজ ছুটি দিয়ে দিতে হবে। যাতে পরিবারের সদস্যরা আগেই গ্রামের বাড়িতে চলে যেতে পারে। এতে ঈদের আগে বাস, ট্রেন ও লঞ্চে চাপ কমবে।'

এ সময় সড়ক, রেল, নৌ এবং বিমান পরিবহনের বেশ কিছু সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, 'দ্রুত গতিতে যানবাহন চলাচল, যান্ত্রিক ত্রুটি, ব্রেক ফেল, টায়ার বিস্ফোরণ, পুরাতন বাস/ট্রাক, অতিরিক্ত যাত্রী বোঝাই, ড্রাইভার ও পরিবহন শ্রমিকদের অদক্ষতা এবং অত্যাধিক পরিশ্রমসহ বৈরী আবহাওয়ার কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। তাই এ বিষয়ে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।'