পুকুর থেকে উদ্ধার গণমাধ্যমকর্মীর মরদেহ!

Passenger Voice    |    ০৩:০০ পিএম, ২০২২-০৬-০৬


পুকুর থেকে উদ্ধার গণমাধ্যমকর্মীর মরদেহ!

পটুয়াখালীর কলাপাড়ায় আবু জাফর প্রদীপ (৪২) নামের এক গণমাধ্যমকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া প্রদীপ রজপাড়া গ্রামের মৃত খালেক পাহোলানের ছেলে। তার প্রমি আক্তার(১২) ও আলবি (৩) নামে দুটি সন্তান রয়েছে। তিনি পেশায় একজন দলিল লেখক। প্রদীপ গণকন্ঠ নামে একটি পত্রিকায় কলাপাড়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

প্রদীপের স্ত্রী জিনিয়া আক্তার জানান, পারিবারিক বিরোধ নিয়ে তার স্বামীর সঙ্গে ভাইয়ের বিরোধ ছিল। এছাড়া ইটভাটার ব্যবসা নিয়েও প্রতিপক্ষের সাথে প্রদীপের বিরোধ চলছিল। তার দাবি, এসব কারণে কেউ তাকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দিয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, প্রদীপের পেটে ও হাতে ধারালো অস্ত্রের কোপের ক্ষত চিহ্ন রয়েছে। রাত দেড়টার পর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সকালে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কি কারণে কে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।