শিরোনাম
Passenger Voice | ০১:২৩ পিএম, ২০২২-০৬-০৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার (৬ জুন) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে জেলা প্রশাসনের তথ্য কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা. ইনসাফি হান্না জানান, অজ্ঞাত মরদেহগুলোর চেহারা চেনা যাচ্ছে না।
অনেকের চেহারা পুড়ে বিকৃত হয়ে গেছে। তাই নিখোঁজদের সন্ধানে থাকা স্বজনদের হাসপাতাল প্রাঙ্গণে নির্ধারিত স্থানে যোগাযোগ ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিতে বলা হয়েছে। চমেক হাসপাতাল এলাকায় মাইকিং করে স্বজনের খোঁজ না পাওয়া পরিবারের সদস্যদের সোমবার সকালে হাসপাতালে অবস্থান করতে বলা হয়। এরপর দাবিকৃত স্বজনদের ডিএনএ পরীক্ষা করার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসকের দপ্তরের এনডিসি তৌহিদুল ইসলাম জানান, মরদেহ হস্তান্তরের সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বজনদের নগদ দুই লাখ টাকার চেক এবং দাফন-কাফনের যাবতীয় খরচ দেওয়া হচ্ছে। যাদের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।
গত শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত