শিরোনাম
Passenger Voice | ১১:১২ এএম, ২০২২-০৬-০২
ইউএসএআইডি-এর অর্থায়নে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার এ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় ওয়ার্ল্ডফিস কর্তৃক বাস্তবায়নাধীন মাছ পরিবহনের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাছগাড়ি’ বিষয়ক এক পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (৩১ মে) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাজার ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে মৎস্য খাতে প্রবৃদ্ধি অর্জন করা।
সভায় অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম, যুগ্ম সচিব হাফছা বেগম, উপসচিব এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ: মাহবুবুল হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অনলাইনে আরও যুক্ত হন বিভিন্ন জেলার ২৫ জন জেলা মৎস্য কর্মকর্তা।
সভায় সচিব তার বক্তব্যে এই উদ্যোগের প্রশংসা করে বলেন, মৎস্য খাতে ‘মাছগাড়ি’ সংযোজন একটি উল্লেযোগ্য ভূমিকা রাখবে। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি মাছচাষী, পরিবহন এবং অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী অবদান রাখবে।
সভা পরিচালনা করেন হাফছা বেগম, যুগ্ম সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সভায় ‘মাছগাড়ি’ প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এতে জানা যায় যে, এই অ্যাপসের মাধ্যমে ইতিমধ্যেই ১,৭৪৭টি ট্রিপ এবং ৭৩২ মেট্রিক টন মাছ প্রকল্প এলাকা থেকে পরিবহন করা হয়েছে।
সভায় অন্যদের মধ্যে ইউএসএআইডি-এর অর্থায়নে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার এ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি, ওয়ার্ল্ডফিস এর পক্ষে উপস্থিত ছিলেন ড. মনজুরুল করিম, চিফ অফ পার্টি এবং ড. মো: সামসুল কবির, ডেপুটি চিফ অফ পার্টি।
মাছগাড়ি অ্যাপ্লিকেশনটির মাধ্যমে স্বল্প খরচে চাষীরা মাছ পরিবহন করতে পারবেন। এতে করে মাছ পরিবহনে চাষী ও মৎস্য বিষয়ক অন্যান্য স্টেকহোল্ডারগণ উপকৃত হবেন এবং মাছ পরিবহনে সময় ও খরচ সাশ্রয় হবে। তাছাড়া ভোক্তা পর্যায়ে মাছ সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।
যে সব চাষীদের স্মার্ট ফোন নেই তাদের কথা বিবেচনা করে এই পরিবহন ব্যবস্থায় একটি কার্যকর কল সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। চাষীরা প্রয়োজনে কল সেন্টারে কল করার মাধ্যমেও এই সেবা নিতে পারেন।
সভায় যৌথভাবে প্রকল্প ও মাছগাড়ি অ্যাপস এর মাঠ পর্যায়ের কার্যক্রম এবং ফলাফল উপস্থাপন করেন ওয়ার্ল্ডফিসের মার্কেট সিস্টেম স্পেশালিস্ট মোহাম্মদ হাসনাল আলম এবং এম ওয়ার্ল্ড এর টেকনোলজি এন্ড ইনোভেশন লিড কাজী রাইয়ান মাহমুদ।
মাছগাড়ি মোবাইল অ্যাপ্লিকেশনটি ইউএসএআইডি এর অর্থায়নে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার এ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি এর আওতায় ওয়ার্ল্ডফিসের বাস্তবায়নে এবং মাঠপর্যায়ে এম ওয়ার্ল্ড কর্তৃক পরিচালিত হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত